খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় অবৈধভাবে অকটেন পাচারের সময় ৯০ লিটার তেল জব্দ করেছে প্রশাসন। শনিবার (১১ এপ্রিল- ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে পলাশ ফিলিং স্টেশন থেকে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অকটেন পাচারের সময় সেনাবাহিনীর দীঘিনালা জোনের টহলদল ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমীর নেতৃত্বে অভিযান চালিয়ে তেলসহ সংশ্লিষ্টদের আটক করে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ফিলিং স্টেশনের মালিক পরিমল নাথ এবং পাচারকারী রাজন কর্মকারকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত তেল তালিকাভুক্ত করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

