২০০৯ সালের সারডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বহাল রাখার দাবিতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর রামগড় উপজেলা শাখা।
সোমবার (২০ অক্টোবর) সকালে রামগড় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার প্রায় শতাদিক খুচরা সার বিক্রেতা ও কৃষক অংশ নেয়। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং ‘খুচরা সার বিক্রেতা’ নামে কোনো মহলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে দেশে সেবাদানকারী প্রায় ৪৪ হাজার খুচরা বিক্রেতা জীবিকার সংকটে পড়বে এবং ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা দাবি জানান, ২০০৯ সালের বিদ্যমান নীতিমালার আওতায় দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। সেই নীতিমালা বহাল থাকলে কৃষক সহজে সার পাবে, আর বিক্রেতারাও ন্যায্যভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বক্তাদের মতে, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা রক্ষায় ২০০৯ সনের নীতিমালা বহাল রাখা এখন সময়ের দাবি।
সংগঠনের সভাপতি মো আবুল কাশেম এর সভাপতিত্ব মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুচরা সার ব্যাবসায়ী অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শাখার সাবেক আহব্বায়ক মোশাররফ হোসেন। অন্যেদের মধ্যে উপজেলা শাখার সহ-সভাপতি মো: হানিফ, সদস্য বেলাল হোসেন, কৃষকদের পক্ষে ওমর ফারুকসহ প্রমুখ।

