খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে রামগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অসহায়, দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য শস্য, কৃষি যন্ত্রাংশ বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড বিজিবির রামগড় ব্যাটালিয়ন।
রবিবার (১৯ অক্টোবর) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাইন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন।
মানবিক সহায়তার অংশ হিসেবে ঘর নির্মাণের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ১০ বান্ডেল ঢেউটিন, বিশটি পরিবারকে খাদ্য সহায়তা, একজন নারীকে স্বাবলম্বী করতে ১টি সেলাই মেশিন, ৫ টি পরিবারের মাঝে কৃষি উপকরণ, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ সহ অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা, মসজিদ-এতিমখানা ও তিনটি মন্দির এবং স্কুল শিক্ষার্থীদের মাঝে নগদ প্রায় ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম পিএসসি বলেন, ‘ব্যাটালিয়ন অধীনস্থ এলাকায় সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার প্রয়াসেই আজকের এই উদ্যোগ। এ অঞ্চলের মানুষের শিক্ষা, সংস্কৃতিসহ সব ধরনের প্রয়োজনে রামগড় ব্যাটালিয়ন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
এসময় জোন উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম, সহকারী পরিচালক শামসুল হক সহ বিজিবির পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

