“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত পাহাড়ি গৈয়াপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রামগড় বিজিবি জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে দুই শতাধিক গরিব ও অসহায় পাহাড়ি ও বাঙালি জনগণ চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। রামগড় জোনের উপ-অধিনায়কের উপস্থিতিতে জোনের মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা ক্যাম্পে আগত স্থানীয় বাসিন্দারা জানান, “অর্থের অভাবে অনেক সময় চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। বিজিবির এই উদ্যোগ আমাদের অনেক উপকারে এসেছে।” তারা বিজিবির এ মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজিবি জানায়, “শুধু সীমান্ত রক্ষাই নয়, বরং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ জনসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও বিজিবি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।
রামগড় বিজিবির এ উদ্যোগে দূর্গম পাহাড়ি এলাকায় সৃষ্টি হয়েছে এক ইতিবাচক সাড়া—মানবিক সহায়তার হাত বাড়িয়ে সীমান্ত রক্ষাকারী বাহিনী আবারও প্রমাণ করেছে, তারা শুধু দেশের সীমান্তেই নয়, মানুষের পাশে থেকেও নিরাপত্তার প্রতীক।

