খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে স্বনির্ভর বাজারের নবনির্বাচিত বাজার কমিটি, স্থানীয় দোকান-ব্যবসায়ী ও সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সদর দপ্তরের কনফারেন্স কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন।
সভায় স্বনির্ভর বাজারের নবনির্বাচিত বাজার কমিটির সঙ্গে পরিচিতি, পারস্পরিক কুশল বিনিময় ও বাজারের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অধিনায়ক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “বাজারে কোনো ধরণের দাঙ্গা, সহিংসতা বা ভুল বোঝাবুঝি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে নবনির্বাচিত কমিটি ও স্থানীয় ব্যবসায়ীরা সচেতন দৃষ্টি রাখবেন।”
এছাড়াও তিনি সবাইকে আহ্বান জানান, পাহাড়ি-বাঙালি বিভেদ ভুলে সকলকে বাংলাদেশের নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে একত্রে কাজ করার জন্য।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্বনির্ভর বাজার এলাকায় পাহাড়ি ও বাঙালি ছাত্র জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিজিবি’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদানের অর্থ নবনির্বাচিত বাজার কমিটির সভাপতি রনিক ত্রিপুরা-এর নিকট হস্তান্তর করেন অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন। তিনি অনুদানের অর্থ দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের আহ্বান জানান।

