সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পার করে আনা প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য (জুস) আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে বিশেষ অভিযান চালানো হয়।
সংবাদ ছিল, মাটিরাঙ্গা বাজার হয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যের একটি বড় চালান ট্রাকে করে চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সেনাসদস্যরা তল্লাশি চালিয়ে একটি ট্রাকসহ ৭ হাজার ৫০০ পিস ভারতীয় ‘আনমুল’ জুস আটক করতে সক্ষম হন।
আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
সীমান্ত দিয়ে অবৈধ মালামাল দেশে প্রবেশ রুখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাসদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এসব অপরাধে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।”
জোন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত পণ্য ও আটককৃত গাড়ির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

