সম্প্রতি খাগড়াছড়িতে সন্ত্রাসীদের কতৃক সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত গুইমারার রামসু বাজার পরিদর্শন করেন, সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন (রানা)।
আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে গুইমারা রামসু বাজার সরেজমিনে পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় করার পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে প্রায় ১০ (দশ) লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
এছাড়াও তিনি, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কতৃক আরও ২০ লক্ষ টাকা অনুদান দেয়ার আশ্বাস প্রদান করেন। যা অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
এ সময় তিনি সকলকে রামসু বাজার ও আশপাশের এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অপপ্রচার ও স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত না হতে অনুরোধ জানান।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।

