টানা উত্তেজনা ও সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে খাগড়াছড়ির পরিস্থিতি। সোমবার সকাল থেকে দোকানপাট ও হাট-বাজার খুলতে শুরু করেছে, বেড়েছে মানুষের চলাচল। সড়কেও ফিরছে যানচলাচল।
তবে এখনো বলবৎ রয়েছে ১৪৪ ধারা, যা কার্যকর আছে জেলা সদর, পৌর এলাকা ও গুইমারায়। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ শান্ত হলে ধাপে ধাপে এ ধারা প্রত্যাহার করা হবে। এদিকে নিরাপত্তা জোরদার রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল এবং চেকপোস্টে তল্লাশি অব্যাহত রয়েছে।
বিকেলে জেলা সদরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্বনির্ভর এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন,“যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রশাসন তাদের পাশে আছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিশেষ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।”

