খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজার হতে বাবুছড়া কলেজের সামনে ও কয়েকটি স্থানে সড়কের উপর গাছ কেটে ব্যারিকেড দিয়েছে অবরোধকারীরা। আজ বিকেল ৩ টার পর এ অবস্থার সৃষ্টি করে বলে জানায় স্থানীয়রা। অবরোধকারীদের আড়ালে ইউপিডিএফ বিশৃঙ্খলা সৃষ্টিতে কাজ করছে বলেও জানান তারা।
জানাযায়, বাবুছড়া এলাকার বড়ধম আনসার ক্যাম্পের সামনে সহ আরো বেশ কয়েকটি স্থানে অবরোধকারীরা দেশীয় বড় বড় ফলজ আম গাছসহ বিভিন্ন প্রজাতের গাছ কেটে সড়কে ফেলে সড়ক অবরোধ করে।
এ ধরণের ঘটনায় শান্ত এলাকাকে অশান্ত করার পায়তারা করছে ইউপিডিএফ। ঘটনার পরপর সড়কে যানচলাচল অস্বাভাবিক হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হলে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর সদস্য এসে সড়ক থেকে বড় বড় গাছ ও গাছের গুটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করার জন্য কাজ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানাযায়, সড়কে বিভিন্ন প্রজাতির ফলের গাছ কাটার ফলে একদিকে যেমন এলাকাবাসী খাদ্য পুষ্টি হতে বঞ্চিত হচ্ছে অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রমও ব্যাঘাত ঘটছে। তাছাড়া শারদীয় দুর্গাপূজাতে দায়িত্ব পালনে বাঁধাগস্থ এবং আইন শৃঙ্খলা চরম ভাবে অবনতির আশংকা দেখা দিয়েছে। চলাচলে বিঘ্নতা ঘটছে এলাকাবাসীর, অসুস্থ রোগী এবং সাধারণ মানুষের চলাচলও অস্বাভাবিক হয়ে পড়েছে।

