রাজধানীর আফতাব নগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম (আসল নাম আশরাফুল আলম) হামলার শিকার হয়েছেন। সোমবার, ২৯ সেপ্টেম্বর, রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
হামলার বিষয়টি হিরো আলমের ফেসবুক পেজের মাধ্যমে রাত ১০টা ১৬ মিনিটে নিশ্চিত করা হয়। পেজে জানানো হয়, “আফতাব নগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“সূত্র মতে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে করে এসে তাকে মারধর করে এবং পরে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
- হিরো আলমের স্ত্রী রিয়া মনি এই হামলার খবরটি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার পরনের টি-শার্ট ছেঁড়া।

