চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার স্কুলের পূর্ব পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুল ইসলাম বাগানবাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার মো. কামাল হোসেনের পুত্র। সে বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে নিশ্চিত করেন প্রধান শিক্ষক চৌধুরী মো. ইমাম উদ্দিন নুরী।
স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয়ের ছুটি হওয়ার পর সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে নাহিদুল পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শিক্ষকরা ঘটনাটি জানতে পারলে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিশান্ত বিকাশ বড়ুয়া জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করি। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

