খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় জুম্ম-ছাত্র জনতার ব্যানারে ডাকা আধা-বেলা সড়ক অবরোধ চলছে।
আজ ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর থেকে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী ব্রিজ এবং ঢাকা মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক, দীঘিনালা সড়ক, পানছড়ি সড়ক, রাঙামাটি সড়ক সহ বেশ কয়েকটি এলাকায় অবস্থান নেয়, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা।
এ সময় তারা বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে সড়কের মাঝে অবস্থান নেন। বিভিন্ন স্থানে বিক্ষুব্ধভাবে পিকেটিংও চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলবে বলে জানান অবস্থানকারীরা।
অবরোধের ফলে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। অভ্যন্তরীন সড়কের বিভিন্ন পরিবহনও বন্ধ আছে। তবে শহর কেন্দ্রিক ছোট ছোট পরিবহনগুলো চলাচল করছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ অনান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবরোধকারীদের দাবি অবিলম্বে মারমা কিশোরী ধর্ষণের সঠিক বিচার করতে হবে। এর আগে গতকাল খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন জায়গায় মানববন্ধনে একই দাবি তুলেন তাঁরা।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় গতকাল দুপুরে শয়ন শীল (১৯) নামে এক তরুণকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি শহরের সিংগিনালা এলাকায় ৮ম শ্রেণীর এক মারমা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠে।

