খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান বলেছেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও পরিবর্তনের মূল চালিকাশক্তি। মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার সবচেয়ে বড় মাধ্যম হলো শিক্ষা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস ও নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, একটি শিক্ষিত সমাজ কেবল জ্ঞান-বিজ্ঞানের আলোয় আলোকিত হয় না, বরং নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও অগ্রসর হয়। তাই শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত, সমৃদ্ধ ও সভ্য হতে পারে না। শিক্ষার আলোয় আলোকিত হয়ে সকলকে সামনে এগিয়ে যেতে আহ্বান করেন তিনি।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি দীঘিনালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষানুরাগী নরেন্দ্র লাল ত্রিপুরা, শিক্ষাবিদ রঞ্জন কুমার চাকমা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সবিতা রানী দাশ। এছাড়াও প্রভাসক প্রজ্জ্বল ময় রোয়াজা, পারভীন আক্তার ও দীঘিনালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মহাসিন মিয়া বক্তব্য রাখেন।
সভাশেষে কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয় এবং বনায়নের অংশ হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা সহ ওরিয়েন্টেশন ক্লাসের উদ্ভোধন করা হয়।

