গতকাল বৃহস্পতিবার ১১ (সেপ্টেম্বর-২০২৫) দুপুরের পরে রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার মাইনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষের মাঝে।
আগুনের লেলিহান শিখায় বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু সেনা জোনের সেনা সদস্যরা এগিয়ে আসে সহায়তায়।
ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মাইনি বাজার। স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপ না থাকলে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঐতিহ্যবাহী পুরো মাইনি বাজারকেই গ্রাস করতে পারত।
এই ঘটনায় প্রমাণ করে, দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সবসময় জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করছে। তাঁদের এই অসামান্য অবদান লংগদুর মাইনি বাজারের মানুষের মনে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ রেখে গেছে।
_এম মহাসিন মিয়া, সাংবাদিক ও লেখক, খাগড়াছড়ি।

