খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার “লেমুছড়ি শান্তিপুর বে-সামরিক প্রাথমিক বিদ্যালয়ে” শিক্ষার্থীদের মাঝে সবুজ ও বনায়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, গাছে চারা বিতরণ ও শিক্ষা সামগ্রী দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোন।
আজ ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে লেমুছড়ি শান্তিপুর বে-সামরিক প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ সচেতনা বৃদ্ধি, গাছের চারা বিতরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন, মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. সামিউল সানি।
তিনি জানান, “শিক্ষা মানুষকে আলো দেয়, আর গাছ পরিবেশকে বাঁচিয়ে রাখে। আগামী প্রজন্মকে শিক্ষিত করে তোলা এবং একটি সবুজ সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। সেনাবাহিনী সবসময় এ অঞ্চলের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ পাহাড়ি অঞ্চলের উন্নয়ন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

