খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রিতে ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম করার ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে ক্লোজড করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে ক্লোজড করে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে নিয়ে স্থানীয় ক্যাবল ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের ব্যবসায়ী ইসমাইল হোসেনকে (২৭) মারধর করেন ফাঁড়ি ইনচার্জ ও এসআই নাজমুল হাসান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দীঘিনালার থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‘ঘটনার পরই কালকে তাকে থানায় নিয়ে আসা হয়। আজ (বুধবার) সকাল তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

