খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ স্মরণে বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনী।
সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী খাগড়াছড়ি রিজিয়নের পরিচালনায় এবং দীঘিনালা জোন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় দীঘিনালা উপজেলার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অত্র এলাকার পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর ৫ শতাধিক নানা বয়সী মানুষের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।
এ সময় ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর মেডিসিন বিশেষজ্ঞ মেজর মো. মোজাম্মেল হোসেন, গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি ইসিজি ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন।
মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান বলেন, জুলাই পুনর্জাগরণ স্মরণে এবং পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর পক্ষ থেকে আজকের আয়োজন। ভবিষ্যতেও এখানকার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, ‘গ্রামের পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বিনামূল্যে এ চিকিৎসা সেবা কার্যক্রমে এখানকার সকল জাতিগোষ্ঠীর মানুষের কষ্ট লাঘব হবে এবং শান্তি-সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।’

