খাগড়াছড়ি সেক্টরের বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর প্রধান গেইট বীর প্রতিক আবুল হাসেম’র নামে নামকরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর প্রবেশের মূল গেইট’র নামকরণের ফলক উন্মোচন করেন, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম (এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি)।
এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও স্বাধীনতা পরবর্তী বিভিন্ন যুদ্ধ, অভিযান ও রাণাঙ্গনে শহীদ বিজিবি সদস্যদের আত্নত্যাগ ও বীরত্বপূর্ণ অবদানকে চিরস্মরণীয় করে রাখতে তাঁদের নামে বিজিবি’র বিভিন্ন স্থাপনা নামকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাঁরই ধারাবাহিকতায় বীর প্রতিক আবুল হাসেম’র নামে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর প্রধান গেইট’র নামকরণ করা হয়েছে।
এছাড়াও খাগড়াছড়ি সেক্টর সহ এর আওতাধীন বিভিন্ন ব্যাটালিয়নের বিভিন্ন স্থাপনা শহীদ ও আত্নত্যাগী বিজিবি সদস্যদের নামে নামকরণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এ সময় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এস এম রেজাউর রহমান, বীর প্রতিক আবুল হাসেম’র ছেলে আবুল মোবারক,সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

