রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সাজেকের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় পাহাড়ী-বাঙ্গালীর শতাধিক মানুষের মাঝে এ চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।
দিনব্যাপী এই চিকিৎসা সেবা আয়োজনে রোগী দেখেন, বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান (এএমসি)।
তিনি বলেন, দুর্গম এই এলাকায় ভালো কোনো চিকিৎসা সেবা প্রতিষ্ঠান এবং চিকিৎসক না থাকায় এখানের মানুষ ভালো মানের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সবসময়। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

