খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেফালিকা ত্রিপুরা।
মঙ্গলবার ৮ জুলাই পার্বত্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তাসলিমা বেগম’র স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পত্রে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শেফালিকা ত্রিপুরা দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি দশম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাহাড়িয়া গ্রামীণ জনপদের অসহায় বঞ্চিত নারীদের আশ্রয়স্থল, আস্তার ঠিকানা প্রিয় মুখ ও নারী নেত্রী হিসেবে সর্বদা পরিচিত শেফালিকে ত্রিপুরা।
এছাড়াও তিনি, খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা’র বিরুদ্ধে ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজন প্রীতিসহ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের বিলের ফাইল আটকিয়ে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে।
উক্ত অভিযোগগুলো তদন্ত দিন থাকায় অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।
তিন দিনের মাথায় জিরুনা ত্রিপুরাকে সরিয়ে অস্থায়ী চেয়ারম্যান হিসাবে শেফালিকা ত্রিপুরা নিয়োগ দেয়া হয়।
এদিকে জিরোনা ত্রিপুরার অভিযোগ তদন্তে পার্বত্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) অতুল সরকার তদন্ত কমিটির দায়িত্বে রয়েছেন বলে জানা যায়।
