নজরুল ইসলাম তুহিন, প্রতিনিধি অনুসন্ধান নিউজ: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের একটি অগ্রণী ইউনিট হিসেবে সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ জুন ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নতুন কমিটিতে মো: আশরাফুল ইসলাম রাব্বিকে আহ্বায়ক, শাওন আহমেদ সৈকতকে সদস্য সচিব, মিজানুর রহমানকে মুখ্য সংগঠক এবং সুশানু ইসলাম দোলাকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একঝাঁক উদ্যমী, মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়, অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। এ সময়ে শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে নানামুখী কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানানো হয়। শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, মানববন্ধন, আলোচনা সভা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সব সময়ই ছাত্রদের স্বার্থ, অধিকার ও উন্নয়নের পক্ষে দৃঢ় অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
সংগঠনটির নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ এবং ন্যায় ও নীতির আদর্শে পরিচালিত একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান।

