খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীর মানুষেরা।
বাঘাইহাট সেনা জোনের মধ্যস্থতায় এবং জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা (পিএসসি) এর উদ্যোগে চলমান বাঘাইহাট বাজার বর্জন প্রত্যাহার করেছে গঙ্গারাম ও মাচালং বাজারের ব্যবসায়ী ও স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীর মানুষেরা।
গতকাল সোমবার (১৬ জুন) বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাঘাইহাট জীপ মালিক সমিতির সাথে দ্বন্দ্বের জেরে বিগত প্রায় একমাস বাঘাইহাট বাজার বর্জন করেছিলেন স্থানীয় জনগোষ্ঠীর মানুষেরা। স্থানীয় প্রশাসন ও পাহাড়ী-বাঙ্গালী গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েক দফা বসার পরও সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। এতে যেমনি স্থানীয় জনগোষ্ঠীর মানুষের ক্ষতি হয়েছে তেমনি ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় জনগোষ্ঠীর মানুষের এবং ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করে, সেনাবাহিনীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে জোনের উদ্যোগে স্থানীয় প্রশাসন ও এলাকার পাহাড়ী-বাঙ্গালীর নেতৃবৃন্দের উপস্থিতিতে চলমান সমস্যার একটি স্থায়ী সমাধান করা সম্ভব হয়েছে। যার ফলে সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ জুন (রবিবার) থেকে বাঘাইঘাট বাজারের সাপ্তাহিক হাটবার স্থানীয় পাহাড়ী-বাঙ্গালীসহ সকলের উপস্থিতিতে পূর্বের ন্যায় জমজমাট থাকবে। এবং সপ্তাহের অন্যান্য দিন বাজারের কার্যক্রম পূর্বের ন্যায় স্বাভাবিক থাকবে।

