খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে জেলা সদরের ইসলামপুর দারুল আইতাম মাদ্রাসায় আয়োজিত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক ছৈয়দ আব্দুল মোমেন দলীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী সংসদ নির্বাচনের জন্য জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে প্রার্থী ঘোষণা দেন।
অ্যাডভোকেট এয়াকু্ব আলী চৌধুরী বলেন, বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নির্মাণে যোগ্য নেতৃত্ব বের করে আনতে হবে। পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জনমত তৈরীতে গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন তিনি।
এ সময় জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, সহকারী সেক্রেটারী মো: ইউসুফ, সদর উপজেলা জামাতের আমির মোঃ ইলিয়াস সহঅন্যান্যেরা উপস্থিত ছিলেন।

