আল আমিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সহযোগী সংগঠন চট্টগ্রাম মহানগর আওয়ামী মোটর চালক লীগের এক নেতা হুমায়ুন কবির (৪৫)কে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী উপজেলা পানছড়ি হতে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরের দিকে এই নেতাকে পানছড়ি বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হুমায়ুন কবির চট্টগ্রাম মহানগর আওয়ামী মোটর চালক লীগের অর্থ সম্পাদক বলে জানা গেছে। সে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার বার্মা কলোনী এলাকার মৃত আবদুর রব এর ছেলে।
জনা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী আওয়ামী সরকার পতনের পর নিষিদ্ধ আওয়ামী সংগঠনের এই নেতা পানছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের বাসায় আত্মগোপনে ছিলেন। হুমায়ুন কবিরের স্ত্রী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেত্রী, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে স্বামী-স্ত্রী মিলে চট্টগ্রাম বহু অবৈধ সম্পদের পাহাড় গড়েছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে দ্রুত খাগড়াছড়ি আদালতের মাধ্যমে চট্টগ্রামে প্রেরণ করা হবে।

