খাগড়াছড়িতে ৩ হাজার ৬৬৫ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (০৪ জুন) দুপুরে খাগড়াছড়ি সদরের পৌর টাউন হলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ঈদের ন্যায় বাংলাদেশ আনসার ও ভিডিপি মহা-পরিচালকের পক্ষ থেকে জেলার ৯টি উপজেলার মোট ৩ হাজার ৬৬৫ জন ভাতা ভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি বলেন, পাহাড়ে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আমমার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান, পিপিএম।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, সুজি, তেল, নুডুলস, চাল ও গুঁড়া দুধ। ভাতাভোগীরা ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী পেয়ে মহা-পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

