টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ও লক্ষ্মীছড়িতে ভেসে যাওয়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল
গতকাল সকালে দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলো তড়িৎ চাকমা নামে এক ব্যক্তি। অন্যদিকে জেলার লক্ষ্মীছড়ি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল উএ্এা মারমা।
অবশেষে নিখোঁজ দু’জনের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ মরদেহগুলো তাঁদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করে।
এছাড়াও জেলায় ভারী বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিং প্রচারণা চালিয়ে যাচ্ছে।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় শালবন, কুমিল্লা টিলাসহ বিভিন্ন এলাকা আজও পরিদর্শন করেছেন। এছাড়াও জেলা প্রশাসনের নির্দেশক্রমে প্রতিটি উপজেলায় প্রশাসন কাজ করছেন।

