অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ২৫ মে, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকার ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা ও বিচারপতি শামসুল হুদা মানিক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর গ্রহণের পরও তিনি দীর্ঘদিন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ ২৬ মে, সোমবার জোহর নামাজের পর গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে বিচারপতি শামসুল হুদা মানিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ-আছর রাবেয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই সন্তান ও স্বজনদের শেষ বিদায়ের পর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

