রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের উজোবাজার এলাকার বাসিন্দা বাবুধন চাকমাকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহষ্পতিবার (২২ মে) বিকেলে বাঘাইহাট বাজার এলাকায় দিঘীনালা-সাজেক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করে এবং বাবুধন চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী বাবুধন চাকমার প্রকাশ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। বিভিন্ন মহলে অভিযোগ জানালেও কোনো সুরাহা পাওয়া যায়নি। বাবুধন চাকমাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। অন্যথায় তাঁরা বৃহৎ অবস্থান কর্মসূচির ডাক দিবেন বলেও জানান তাঁরা।
উল্লেখ্য, বিগত বেশকিছু দিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) দলের বিচার বিভাগীয় সমন্বয়ক বাবুধন চাকমা স্থানীয় জনসাধারণের কাছ থেকে প্রকাশ্যে চাঁদাবাজি, নানারকম হুমকি দেওয়া ও বিভিন্ন সময়ে জোরপূর্বক অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে দিয়ে সাজেক সড়ক অবরোধ করে সাজেক পর্যটন ও স্থানীয় জনসাধারণে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে আসছে বলে জানান এলাকাবাসী।

