খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন ৪শতাদিক শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা।
আজ ১৭ মে (শনিবার) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা।
স্মারকলিপিতে পাঁচটি দাবি তুলে ধরেন তাঁরা। চলতি বছরের জানুয়ারী হতে প্রকল্প অনুমোদন, ঈদুল আযহার পূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ, প্রকল্পের ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভুক্ত, ৭ম পর্যায়ে প্রকল্প বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর, কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করা, শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করার দাবি তুলে ধরা হয়।
জেলার মোট ৯টি উপজেলার ৪০১ জন ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকা গত পাঁচ মাস ধরে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে তাঁরা।
এতে বক্তব্য রাখেন, ইসলামি ফাউন্ডেশন খাগড়াছড়ি ফিল্ড অফিসার মো. কাইয়ুম হোসেন, ফিল্ড সুপারভাইজার মুহা. আব্দুল হালিম, শিক্ষক মো. শফিকুল ইসলাম, খাগড়াছড়ি মডেল কেয়ারটেকার মো. রুহুল আমিন সহ আরও অনেকেই।

