খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জনের খোঁজ এখনো মেলেনি। অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর সদস্যরা ইউপিডিএফ’র গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল উদ্ধার করেছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী।
২১ এপ্রিল (সোমবার) ভোরে জেলা সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কার্বারিপাড়ায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর একটি গোপন আস্তানার এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ঐ এলাকায় ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান পায়। তালা বন্ধ দেখে সেনাবাহিনীর সন্দেহ হয় ও পাড়ার লোকজনের সাহায্যে তালা ভেঙ্গে ঘর তল্লাশি চালায়। এ সময় চাঁদার রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
খবর পেয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনালে শরীফ মো. আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনে প্রতিটি এলাকা তল্লাশী করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় শহরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জন অপহৃত হন। এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে প্রতিদ্বন্দ্বী সংগঠন জেএসএস।

