খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় বিরোধপূর্ণ জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে অনুষ্ঠিত শালিসী বৈঠকে সংঘর্ষের ঘটনায় আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তি নিহত সহ দুই পক্ষের আহত হয়েছে আরো ৮ জন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে রামগড় পৌরসভার ৬নং তৈচালাপাড়া ওয়ার্ডে জনৈক মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামক আরেক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সামাজিক শালিশী বৈঠক চলাকালীন সময়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের থেকে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়। আহতদের প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে এক জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ও ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মোঃ আবুল কালাম (৫০) মারা যায়।
আহতরা হলেন, শাহাদাত হোসেন, তার অপর দুই ভাই মো: শাহীন আলম ও শেফায়েত উল্লাহ, নুরুল আলম আরিফ, তার ভাই আফসার, মা আমেনা বেগম, নুরুল আলম খোকন ও প্রতিবেশি সাহাব উদ্দিন । ঘটনায় নিহত আবুল কালম তৈছালা গ্রামের আসলাম মিয়ার ছেলে। আবুল কালাম সালিসে সাক্ষ্য দিতে এসেছিলেন বলে জানা গেছে।
আহত প্রতিবেশি শাহিন আলম জানান, গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে শালিশী বৈঠক চলাকালীন কেন বিচার দিয়েছে এমন অভিযোগ তুলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবছার, মৌমিন, শাহিন ও দাউদ দেশিয় চুরী, দা, লাঠি হাতে অতর্কৃত হামলা চালিয়ে তাদের আহত করে।
নিহতের ছেলে মো: জিদান বলেন, তারা পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে তার নিরাপরাধ বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় তিনি থানায় মামলার করবেন বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ চট্টগ্রাম থেকে এনে পুলিশ হেফাজতে ময়না তদন্তে খাগড়াছড়ি পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

