কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ হামলায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সুলতান মারুফ তালহা, মুজাহিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের, ইব্রাহীম, নয়ন হোসেনসহ অনেকে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আয়াস, আকাশ, রাসেলসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়, যেখানে ১৫ থেকে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান সংগঠনের জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ শতাধিক নেতাকর্মী।
এদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক হাফিজুর রহমান জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা পর্যবেক্ষণে রয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
