নরসিংদীর বেলাব উপজেলায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, রবিবার (১৬ মার্চ) একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ওই নারী দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তরা হলেন বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া ও এনজিও ‘আশা’র বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজু।
মামলার বিবরণ অনুযায়ী, গার্মেন্টকর্মী ওই নারী নরসিংদীর শিবপুরে ভাড়া থাকেন। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে শুক্রবার শাহজাহান মিয়া তাকে বারৈচা এলাকায় এনজিও ‘আশা’র কার্যালয়ে নিয়ে যান। সেখানে শাহজাহান ও তার সহযোগী দেলোয়ার হোসেন রাজু মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে, তবে প্রধান আসামি শাহজাহান মিয়া এখনো পলাতক।
অন্যদিকে, শাহজাহান মিয়ার পরিবারের দাবি, ভুক্তভোগী নারী তাদের পূর্বপরিচিত এবং এর আগে শাহজাহান মিয়ার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। নতুন করে আরও দেড় লাখ টাকার ফার্নিচার বাকিতে নিতে না পেরে প্রতিশোধের উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়েছে বলে তারা অভিযোগ তুলেছেন।
ওসি মীর মাহবুবুর রহমান জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
