গণপরিবহনে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চালু হয়েছে ‘HELP’ (হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম) নামের একটি অ্যাপ। এটি যৌথভাবে তৈরি করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন।
আজ শনিবার ঢাকার দ্য ডেইলি স্টার সেন্টারে অ্যাপটির উদ্বোধন হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এই অ্যাপ ব্যবহার করে গণপরিবহনে হয়রানির শিকার নারীরা সহজেই রিপোর্ট করতে পারবেন। রিপোর্টের তথ্য স্বেচ্ছাসেবকদের কাছে পৌঁছাবে এবং ভুক্তভোগীরা নিকটস্থ থানার ডিউটি অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। অ্যাপটি ৯৯৯ জরুরি সেবার সঙ্গেও সংযুক্ত থাকবে।
প্রাথমিকভাবে ঢাকার বসিলা থেকে সায়েদাবাদ রুটে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হয়েছে। অ্যাপে ‘এলার্ট’ অপশন রয়েছে, যা চাপ দিলে স্বেচ্ছাসেবকদের কাছে ভুক্তভোগীর রিয়েল-টাইম লোকেশন পৌঁছে যাবে। নিজের পরিচয় গোপন রেখেও রিপোর্ট করার সুবিধা থাকবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “নারীরা প্রতিদিন নানা স্থানে হয়রানির শিকার হচ্ছেন, কিন্তু বেশিরভাগ ঘটনা সামনে আসে না। HELP অ্যাপের মাধ্যমে দ্রুত সহায়তা নিশ্চিত হবে।”
