খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সাইফুল নামে একব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এর ভ্রাম্যমান আদালতে তাকে এই জরিমানা করা হয়।
জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারা মতে রামগড় ইউনিয়নের লামকুপাড়ার মো: সাইফুলকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

