বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্করের সাম্প্রতিক মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। নারী দিবসের আগে দেওয়া তার বক্তব্যকে ঘিরে সমালোচনা করছেন নেটিজেনরা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী মমতা শঙ্কর দাবি করেছেন যে নারীরা কুপ্রস্তাব পাওয়ার জন্য নিজেরাই দায়ী। তার মতে, একজন নারী যদি আত্মসম্মান ও আত্মমর্যাদা ধরে রাখতে পারেন, তাহলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।
তিনি বলেন, “অনেকে আমাকে সাবধান করেছেন, বলেছেন, অমুক খারাপ লোক, তার থেকে দূরে থাকো। কিন্তু আমি দেখেছি, আমার সঙ্গে তার ব্যবহার সজ্জনের মতোই। রাত জেগে শুটিং করেছি, আড্ডা দিয়েছি, গান গেয়েছি—তবু কেউ কখনো খারাপ কিছু ভাবেননি।”
তার এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এক ব্যঙ্গাত্মক পোস্টে ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, “উনি শঙ্কর প্রজাতির শিল্পী,” যা নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার মন্তব্যের সমর্থনে প্রতিক্রিয়া জানালেও বিপরীত মতামতও উঠে এসেছে।
এই বিতর্কের ফলে নারী দিবসের প্রাক্কালে সামাজিক মাধ্যমে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
