খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উপজেলার আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
শনিবার (২৩ মে- ২০২৬) সকাল ১০টা থেকে দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার মোট ৭১৯ জন হিল ভিডিপি সদস্য, সদস্যা এবং বিভিন্ন পদবীর সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমুল হক।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সদস্যদের মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি বাহিনীর প্রতি আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটায়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমুল হক জানান, সদস্যদের কল্যাণে বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময় মানবিক ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

