ঢাকা, ৭ মার্চ – নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়াই রাজধানীতে মিছিল বের করেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সংগঠনটির কর্মীরা মিছিল শুরু করেন। পুলিশের বাধা উপেক্ষা করে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পুলিশের পাশাপাশি ওই এলাকায় সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা ২টার কিছু আগে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনটির যে কোনো কার্যক্রম কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
