পাহাড়ের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত রাঙামাটি পার্বত্য জেলার সাজেকের রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র এলাকায় অগ্নিকাণ্ড পরবর্তী পূর্ণগঠন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট জোন (৬ বেঙ্গল রেজিমেন্ট)।
সোমবার দুপুরে বাঘাইহাট সেনা জোন সদরে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন (পিএসসি)।
সভায় তিনি বলেন, অগ্নিকাণ্ডে সাজেক পর্যটন কেন্দ্রের ক্ষতিগ্রস্ত অংশটুকু পূর্ণগঠনে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয়দের বসতঘর ও কর্মসংস্থান তৈরিতেও সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
অগ্নিকাণ্ড ও দূর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত স্থাপনা নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ, পানির ব্যবস্থা সহ অনান্য বিষয় নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়াও পাহাড়ের পর্যটন বিকাশে সেনাবাহিনী, স্থানীয় জনসাধারণ, গণমাধ্যমকর্মীরা সহ সরকারের বিভিন্ন দপ্তরের অতুলনীয় অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. ফয়সাল আমির তারেক (পিএসসি), মেজর মো. আবু নাঈম খন্দকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

