খাগড়াছড়ি জেলার রামগড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের বসতঘর পপুড়ে ছাই।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় পৌরসভাধীন ১ নং পৌর ওয়ার্ড নিতাই বৈষ্ণব পাড়া গ্রামের কৃষক কেশব ত্রিপুরার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই বাড়ির রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে তারা ছুটে আসেন। মুহূর্তের মধ্যে ওই কৃষকের ২টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ কেশব ত্রিপুরা বলেন, হঠাৎ আগুনে তার দুই বসতঘর পুড়ে তিনি একেবারে নিঃশ্ব। এতে অন্তত তারা ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সলিমউল্যাহ চৌধুরী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পর্যালোচনা ও তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ধারণা করছে রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মমতা আফরিন। উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল ও পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন। তারা ক্ষতিগ্রস্থ কৃষক কেশব ত্রিপুরাকে তাৎক্ষনিক আর্থিক সহযোগীতা করেন।

