রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন ও বন বিভাগ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল- ২০২৬) পরিচালিত এ অভিযানে জানা যায়, দুষ্কৃতকারীরা বন বিভাগের সেগুন বাগান থেকে গাছ কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় সেনাবাহিনী ও বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে মোট ১৫২.৭১ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা। পরে জব্দকৃত কাঠ বাঘাইহাট বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বন বিভাগের সঙ্গে সমন্বয়ে এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

