রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৪ পদাতিক ডিভিশনের ২০৩ পদাতিক ব্রিগেডের অধীন বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর উদ্যোগে সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে বিশুদ্ধ পানির জন্য সাবমার্সিবল পাম্প স্থাপন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পাশাপাশি অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে জলবাহিত রোগ, হাম প্রতিরোধ এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক ক্লাস নেন জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার।

সেনাবাহিনী জানায়, দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেনাবাহিনীর ধারাবাহিক সহযোগিতা শিশুদের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং পাহাড়ে সম্প্রীতি ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

