সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মত ৪৫৬ উপকারভোগীর পরিবারকে ফ্যামেলি কার্ড দিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার থেকে ভাচুর্যালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউনিয়ন পরিষদের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়ালি যুক্ত হন উপকারভোগীরা। প্রধানমন্ত্রী একযোগে সারাদেশের তৃতীয় পর্যায়ের ২০ টি উপজেলায় উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসেই নিজ মোবাইলে প্রতিমাসে ২৫০০ টাকা করে পাবেন তারা।
কর্মসূচি ধারাবাহিকতায় রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, “সরকার নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আজ হতদরিদ্র দুঃস্থ মানুষ মাসিক ভাতা পেয়েছেন। আগামীতে বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেয়া হবে। পর্যায়ক্রমে এ কার্ড জেলার সকল উপজেলায় দেয়া হবে এবং কার্ডে টাকার পরিমানও বাড়ানো হবে”।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা পুলিশ মোরতাজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো: ওয়ালী উল্যাহ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া ছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

