খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল- ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকসহ একটি মেডিকেল টিম, চট্টগ্রাম সদর থেকে আগত শিশু বিশেষজ্ঞ এবং সিন্দুকছড়ি জোন সদরদপ্তরের মেডিকেল অফিসার ও সহকারী দল চিকিৎসাসেবা প্রদান করেন।
দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ১,০০০ থেকে ১,৫০০ জন উপজাতি ও বাঙালি রোগী সরাসরি চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
বিশেষ এই উদ্যোগের অংশ হিসেবে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অর্থাভাব ও যোগাযোগ সমস্যার কারণে যারা এতদিন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিলেন, এই ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
এলাকাবাসী সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

