‘মাদক নয়, জীবন চাই, স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই’—এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে মাদক নির্মূল যুব সমাজ কমিটির অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদক নির্মূল কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মাদক নির্মূল যুব সমাজ কমিটির সভাপতি ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা মাদককে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
মতবিনিময় সভা শেষে ডা. জাহাঙ্গীর আলমকে সভাপতি, মো. মিঠুন খাঁন শুভকে সাধারণ সম্পাদক এবং মো. জহির আলমকে সাংগঠনিক সম্পাদক করে আগামী পাঁচ বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট মাদক নির্মূল যুব সমাজ কমিটি ঘোষণা করা হয়।
এদিকে, এলাকায় মাদক নির্মূলে অসামান্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ কমিটির সাধারণ সম্পাদক মো. মিঠুন খাঁন শুভকে বীরত্ব ও সাহসিকতার স্মারক প্রদান করা হয়। তাঁর এ স্বীকৃতি মাদকবিরোধী সামাজিক উদ্যোগে অন্যদেরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসেম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাসেম রাসেল, মাদক নির্মূল যুব সমাজ কমিটির উপদেষ্টা রিয়াজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নতুন এই কমিটির আত্মপ্রকাশ স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

