টানা বর্ষন ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন।
সোমবার সকাল থেকে শহরের শিমুলতলী এলাকাসহ কয়েকটি এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
রাঙ্গামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম সারোয়ার জানান, টানা বর্ষন শুরু হলেই আমরা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য প্রচারনা করি এবং তারা যাতে বর্ষন শুরু হলে ঝুকিপুর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান না করার আহ্বান জানাই। তিনি জানান, আবহাওয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১১টি সহ জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড়ধ্বসপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পাহাড়ধ্বসের আশঙ্কার মধ্যেও জেলার বিভিন্ন পাহাড়ি এলাকা ও পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় অর্ধলাখ মানুষ। পৌর শহরের শিমুলতলী, রূপনগর, নতুনপাড়া, যুব উন্নয়ন এলাকা, রিজার্ভ বাজার, ভেদভেদি, লোকনাথ মন্দির এলাকা ছাড়াও আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে অসংখ্য পরিবার বসবাস করছে।
এ সময় রাঙ্গামাটি জেলা ফায়ার সার্ভিসের কর্মী ও রাঙ্গামাটি সদর উপজেলা পিআইও মোঃ রিয়াদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

