বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম বাটনাতলী ইউনিয়নে একটি স্পোর্টস ক্লাব, একটি কম্পিউটার ক্লাব এবং আসালংপাড়ায় সুপেয় পানির ওয়াটার পয়েন্ট উদ্বোধন করা হয়েছে।
সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় বুধবার (২০ মে- ২০২৬) এসব উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৮ মে- ২০২৬ (সোমবার) চট্টগ্রামের এড়িয়া কমান্ডার (জিওসি) বাটনাতলী আর্মি ক্যাম্প পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় মাত্র ৩ দিনের মধ্যে এসব মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
স্পোর্টস ক্লাবের জন্য ফুটবল, ভলিবল, ক্যারম, দাবা ও ৬০ সেট জার্সি বিতরণ করা হয়। পাশাপাশি কম্পিউটার ক্লাবের জন্য আধুনিক ডেস্কটপ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। এছাড়া আসালংপাড়ার পুরোনো ওয়াটার পয়েন্ট সংস্কার করে সেখানে নতুন সোলার প্যানেল ও সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে।
সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও সন্তোষ দেখা গেছে।

