বন্যা পরবর্তী অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় খাগড়াছড়িতে ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দীঘিনালায় ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। সকালে দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে ১৫৯ পরিবারের মাঝে এবং পরে মেরুং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আরও ৯১ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য দেওয়া খাদ্য প্যাকেজে রয়েছে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ। রেড ক্রিসেন্টের এ উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাময়িকভাবে হলেও প্রয়োজনীয় খাদ্য সহায়তা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, “দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ খাদ্য সহায়তা দিতে পেরেছি। এর পাশাপাশি খাগড়াছড়িতে মোট ৮০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে। এছাড়া ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৮ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার প্রস্তুতিও চলমান রয়েছে।”
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা, রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

