খাগড়াছড়ি পৌর সবজি বাজারে নবনির্মিত ‘পৌর কিচেন মার্কেট’-এর শুভ উদ্বোধন ও ব্যবসায়ীদের মাঝে দোকান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) পৌর সবজি বাজার প্রাঙ্গণে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক রুমানা আক্তার।
নবনির্মিত কিচেন মার্কেট চালুর ফলে স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি সুশৃঙ্খল ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনসাধারণের সুবিধা আরও বাড়বে।
এ সময় নবনির্মিত মার্কেটের দোকানগুলো সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। নতুন মার্কেটকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

