পাহাড়ের প্রত্যন্ত জনপদে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহিত করতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। এ উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের জগপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি স্থানীয় ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুটি কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে প্রত্যন্ত এলাকার দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাঁদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কর্মসূচির চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। তিনি কর্মসূচির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সুবিধাভোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, খাগড়াছড়ি সদর সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণবসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চিকিৎসাসেবায় স্বস্তি প্রত্যন্ত এলাকার মানুষের
পানছড়ির দুর্গম ও প্রত্যন্ত এলাকার অনেক মানুষের জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা কঠিন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের কাছে চিকিৎসা ব্যয় অনেক সময় বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতায় জগপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি এনে দেয়।
কর্মসূচিতে চিকিৎসা নিতে আসা স্থানীয় রোগীদের অনেকেই জানান, দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নেওয়া তাঁদের জন্য সময় ও অর্থসাপেক্ষ। এলাকার কাছেই চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন।
একজন সুবিধাভোগী রোগী বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে অসচ্ছল পরিবারের মানুষ এ ধরনের উদ্যোগে সরাসরি উপকৃত হচ্ছে।
শিক্ষার্থীদের হাতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী:
চিকিৎসাসেবার পাশাপাশি শিশুদের শিক্ষাজীবন ও মানসিক বিকাশের বিষয়টিও গুরুত্ব পেয়েছে কর্মসূচিতে। ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষ নিরঞ্জন চাকমা জানান, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের অনেকের কাছেই প্রয়োজনীয় শিক্ষা ও ক্রীড়া উপকরণ পর্যাপ্ত থাকে না। সেনাবাহিনীর পক্ষ থেকে এসব সামগ্রী পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে।
বিদ্যালয়ের শিক্ষক বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার এ উদ্যোগ তাদের উৎসাহিত করবে। প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়াতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের মধ্যেও ছিল আনন্দের আবহ। নতুন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করে এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও সক্রিয় হওয়ার আগ্রহের কথা জানায়।
জনকল্যাণে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম
স্থানীয়রা বলেন,একই সঙ্গে চিকিৎসাসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট সহায়তা পাওয়ায় কর্মসূচিটি বিশেষ গুরুত্ব বহন করছে। এতে একদিকে অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে প্রয়োজনীয় শিক্ষা ও ক্রীড়া উপকরণ।
আযোজক সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং শিশুদের শিক্ষা ও খেলাধুলায় উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দুর্গম এলাকার মানুষের কাছে সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহযোগিতা করার এ ধরনের উদ্যোগ পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
দুটি কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন চিকিৎসাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসা ও ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে শিক্ষার উপকরণ,গাছের চারা ও খেলাধুলার সামগ্রী। ফলে প্রত্যন্ত জগপাড়ায় দিনটি হয়ে উঠেছে মানবিক সহায়তা ও শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার একটি তাৎপর্যপূর্ণ দিন।

